ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিন ও ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের জামিন চেয়ে করা আবেদন খারিজ করেছেন আপিল বিভাগ।
একইসঙ্গে বিচারিক আদালতের দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।
আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।
সংশ্লিষ্ট আইনজীবীরা বলেছেন, আপিল বিভাগে জামিনের আবেদন খারিজ হওয়ায় মোহাম্মদ হোসেন ও রফিকুল আমীনকে কারাগারেই থাকতে হচ্ছে।
দুই মামলায় জামিন চেয়ে গত আগস্টে আপিল বিভাগে আবেদন করেছিলেন ডেসটিনির ওই দুই শীর্ষ কর্তা। এই আবেদন চেম্বার বিচারপতির আদালত হয়ে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ওঠে। গত রোববার শুনানি নিয়ে আজ আদেশ দিলেন আদালত।
আদালতে ডেসটিনির দুই শীর্ষ কর্তার পক্ষে শুনানি করেন আইনজীবী আজমালুল হোসেন কিউসি। সঙ্গে ছিলেন আইনজীবী এম মইনুল হাসান। আর দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
এএস





