মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী কাজী কবির উদ্দিনের জেরা শেষ করেছে আসামিপক্ষ।
বুধবার চেয়ারম্যান বিচারক ওবায়দুল হাসানের নেতৃত্বে ৩ সদস্যের দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জেরা গ্রহণ করেন। আসামিকে জেরা করেন কায়সারের আইনজীবী আব্দুস সোবহান তরফদার।
জেরা শেষে মামলার কার্যক্রম আগামীকাল পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।
গত ৪ মার্চ কায়সারের বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন করেন জেয়াদ আল মালুম। ২ ফেব্রুয়ারি সৈয়দ কায়সারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।  কায়সারকে গণহত্যার একটি; হত্যা,নির্যাতন,অগ্নিসংযোগ ও লুণ্ঠনের ১৩টি এবং ধর্ষণের ২টিসহ মোট ১৬টি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করা হয়েছে।
গত বছরের ১৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষের কৌসুলি রানা দাশগুপ্ত কায়সারের বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে এবং ২৬ ডিসেম্বর ও গত ১৩ জানুয়ারি অভিযোগ  গঠন না করার পক্ষে আসামিপক্ষে শুনানি করেন আব্দুস সোবহান তরফদার।  
গত বছরের ১৪ নভেম্বর কায়সারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। গত বছরের ১০ নভেম্বর রেজিস্ট্রারের মাধ্যমে ট্রাইব্যুনালে ২ হাজার ৪শ’ ৪৭ পৃষ্ঠার এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন ব্যারিস্টার তুরিন আফরোজ,জেয়াদ আল মালুম,তাপস কান্তি বল ও রেজিয়া সুলতানা চমন।
[b]ঢাকা, জিই, ১৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]