রাজপথে ত্রাস ও যানবাহনে প্রতিবন্ধকতা সৃষ্টি, ভাঙচুর, অগ্নিসংযোগ ও বোমা বিষ্ফোরণ মামলায় ঢাকার বিভিন্ন থানায় দায়ের হওয়া আট মামলায় পাঁচ শতাধিক বিএনপির নেতাকর্মী আদালতে হাজিরা দিয়েছেন।

বুধবার সকাল সাড়ে ১০টায় তারা ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) হাজির হয়ে এ হাজিরা দেন। 

বিএনপি নেতাদের মধ্যে রয়েছেন- ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আ স ম হান্নান শাহ, বরকত উল্লাহ বুলু ও আব্দুস সালাম।

আসামিদের অন্যতম আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ জানান, হেফাজতের তিন মামলাসহ মোট আটটি মামলায় বিএনপি নেতৃবৃন্দসহ পাঁচ শতাধিক নেতাকর্মী আদালতে হাজিরা দিয়েছেন।
আটটি মামলার মধ্যে ছিল মতিঝিল থানার ৩টি, রমনা থানার ২টি এবং পল্টন, সূত্রাপুর ও কলাবাগান থানায় একটি করে মামলা।

আট মামলার মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাঁচ মামলার আসামি। তিনি বুধবার আদালতে হাজির না হওয়ায় তিনটি মামলায় অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া আইনজীবীর মাধ্যমে ফখরুলের হাজিরা প্রদান করেন। বাকি দুই মামলায় সময়ের আবেদন করা হয়।

আইনজীবী মেজবাহ জানান, ম্যাজিস্ট্রেট সময়ের আবেদন মঞ্জুর করে হেফাজতের তিন মামলা এবং সূত্রাপুর ও পল্টন থানার মামলায় আগামী ২৪ নভেম্বর পরবর্তী হাজিরার জন্য দিন নির্ধারণ করেছেন।

রমনা থানার মামলা দুটি ২ ডিসেম্বর এবং কলাবাগান থানার মামলাটি ১৮ নভেম্বর হাজিরার জন্য দিন ঠিক করা হয়েছে।

এএইচ