অস্ত্র আইনের মামলায় আলোচিত ঠিকাদার যুবলীগের বহিষ্কৃত নেতা জি কে শামীমের জামিন দিয়েছেন হাইকোর্ট।

জামিনের পরে সেই মামলায় জামিননামা গত বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে বলে আজ শনিবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি সালাউদ্দিন হাওলাদার জানিয়েছেন।

সালাউদ্দিন হাওলাদার বলেন, গত ৬ ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের দ্বৈত বেঞ্চ জি কে শামীমকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ দেন। এরপর গত ১২ ফেব্রুয়ারি এই আদেশটি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে প্রকাশিত হয়। প্রকাশিত হওয়ার পর গত বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে এ মামলার জামিনের আদেশ আসে।

এরপর আদালতে জি কে শামীমের আইনজীবীরা মুক্তিনামা দাখিলের অনুমতি চাইলে সংশ্লিষ্ট আদালতের বিচারক রবিউল ইসলাম মুক্তিনামা দাখিলের অনুমতি মঞ্জুর করেন। এরপর আইনজীবী মুক্তিনামা দাখিল করলে কারাগারে সেই মুক্তিনামা পাঠানো হয়েছে। তবে জি কে শামীম আরো একাধিক মামলায় কারাগারে থাকায় এখনি তিনি মুক্তি পাচ্ছেন না বলে জানান আইনজীবী।  

গত বছরের ২০ সেপ্টেম্বর ঢাকার গুলশানের নিকেতন থেকে জি কে শামীম ও তার সাত দেহরক্ষীকে গ্রেপ্তার করে র‌্যাব। ওই অভিযানে নগদ প্রায় দুই কোটি টাকা, পৌনে ২০০ কোটি টাকার এফডিআর, আগ্নেয়াস্ত্র ও মদ পাওয়ার কথা জানানো হয় র‌্যাবের পক্ষ থেকে।

পরের দিন তাদের বিরুদ্ধে গুলশান থানায় তিনটি মামলা করে র‌্যাব। এর মধ্যে অস্ত্র ও মুদ্রাপাচার মামলায় সবাইকে আসামি করা হলেও মাদক আইনের মামলায় শুধু শামীমকে আসামি দেখানো হয়।

এমআর