মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধী মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরের বিষয়টি সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।
তিনি বলেন, আপিলের চূড়ান্ত রায়ের বিরুদ্ধে রিভিউ করার সুযোগ নেই।
বুধবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তার নিজ কার্যালয়ে একথা বলেন তিনি।
‘জেল কোডের বিধান অনুযায়ী রায়ের কপি কারা কর্তৃপক্ষের কাছে যাওয়ার পর রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার জন্য আসামি ৭ দিন সময় পান, কামারুজ্জামান সে সুযোগ পাবেন কি-না?’ এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘তা কামারুজ্জামান পাবেন না।’
‘আসামি যদি প্রাণভিক্ষার আবেদন করতে চান সে ক্ষেত্রে পূর্ণাঙ্গ রায়ের কপির প্রয়োজন আছে কি-না?’ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সে সুযোগও নেই। সরকার যখন চাইবে তখনই তার ফাঁসি কার্যকর হবে।’
‘কামারুজ্জামানকে কাশিমপুর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এই অবস্থায় তার পরিবার আশঙ্কা করছে যে কোনো সময় ফাঁসি কার্যকর হতে পারে’ এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘সরকার এবং কারা কর্তৃপক্ষের ওপর ফাঁসি কার্যকরের ব্ষিয়টি নির্ভর করছে।’
কেএ/এএইচ





