৭১’র মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক পিরোজপুরের মঠবাড়িয়ার শান্তি (পিস) কমিটির চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেতা ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ২০ জুলাই দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।একই সঙ্গে আব্দুল জব্বারের অনুপস্থিতিতে মামলা পরিচালনা করতে তার পক্ষে আইনজীবী হিসেবে সুপ্রিমকোর্টের আইনজীবী আবুল হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেয়।
গত ১২ মে জব্বারের বিরুদ্ধে প্রসিকিউশনের আনীত ৫টি অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। তবে এখনও তাকে গ্রেফতার করা যায়নি।
গত ১১ মে প্রসিকিউটর মোহাম্মদ জাহিদ ইমাম আনুষ্ঠানিকভাবে আদালতে অভিযোগ দাখিল করেন। ২৯ এপ্রিল এ মামলার তদন্তকাজ সম্পন্ন করে চূড়ান্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে দাখিল করে তদন্ত সংস্থা।
ওই প্রতিবেদনের নথিপত্র,সাক্ষ্য-প্রমাণসহ যাবতীয় বিচার-বিশ্লেষণ করে ৫টি অভিযোগে ৭৯ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।
জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের বিরুদ্ধে ৫টি অভিযোগে ৭৯ পৃষ্ঠার মূল প্রতিবেদনের সঙ্গে মোট ১ হাজার ৯০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়।তার বিরুদ্ধে ৩৬ জনকে হত্যা, ২০০ জনকে ধর্মান্তরিত এবং লুণ্ঠন ও অগ্নিসংযোগ করে ৫৫৭টি বাড়িঘর ধ্বংস করার অভিযোগ রয়েছে।
তার বিরুদ্ধে ২০১৩ সালের ১৯ মে তদন্ত শুরু করে ২০১৪ সালের ২৮ এপ্রিল শেষ করা হয়। মামলায় মোট সাক্ষী হলেন ৪৬ জন। তাদের মধ্যে ৪০ জন ঘটনার এবং ৬ জন জব্দ তালিকার সাক্ষী।আব্দুল জব্বারের শ্বশুর ছিলেন স্থানীয় মুসলীম লীগ নেতা আর আব্দুল জব্বার ছিলেন থানা শান্তি কমিটির চেয়ারম্যান।
ঢাকা, কেএ, ৮ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস





