নিহত শামারুখ মাহজাবীনের স্বামী হুমায়ুন সুলতানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আনোয়ার ছাদাত তার জামিন আবেদন নাকচ  করে দেন। 

গত ১৩ নভেম্বর দুপুরে যশোরের মনিরামপুরের প্রাক্তন সংসদ সদস্য খান টিপু সুলতানের রাজধানীর ধানমন্ডির বাড়িতে তার পুত্রবধূ শামারুখের রহস্যজনক মৃত্যু হয়। মেয়েকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ এনে ওই রাতেই শামারুখের বাবা নুরুল ইসলাম ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় স্বামী হুমায়ুন, তার বাবা খান টিপু সুলতান ও মা জেসমিন আরাকে আসামি করা হয়েছে।

ওই দিন রাতে হুমায়ুনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন শুক্রবার সকালে হুমায়ুনকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। রিমান্ডের শুনানির জন্য রোববার দিন ধার্য করেন আদালত। শুনানি শেষে আদালত হুমায়ুনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

নুরুল ইসলাম অভিযোগ করেন, খান টিপু সুলতান, তার স্ত্রী জেসমিন আরা ও ছেলে হুমায়ুন সুলতান পরস্পর যোগসাজশে পরিকল্পিতভাবে শামারুখ শ্বাস রোধ করে হত্যা করেন। মামলা করার পর থেকে খান টিপু সুলতানের পক্ষ থেকে তাকে ভয় দেখানো হচ্ছে। 

শামারুখ হলি ফ্যামিলি মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। সম্প্রতি তিনি ওই হাসপাতালে ইন্টার্নশিপ সম্পন্ন করেন। তিনি তার শ্বশুরের পরিবারের সঙ্গে ধানমন্ডি ৬ নম্বর সড়কের ১৪ নম্বরে কেয়ারি তাজ নামের বহুতল ভবনের তিনতলায় থাকতেন। 

জেআই