আগামী সপ্তাহেই প্রকাশ করা হতে পারে নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি সম্পর্কিত গেজেট।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ আইন সমিতির ৩২তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক এ তথ্য জানান।

আনিসুল হক বলেন, শৃঙ্খলা বিধিমালা নিয়ে উচ্চ আদালতের সঙ্গে আর কোনো বিরোধ নেই। সেটি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বৃহস্পতিবার রাষ্ট্রপতির কার্যালয়ে চলে গেছে। আশা করছি, আগামী সপ্তাহের প্রথম দিকেই এই গেজেট প্রকাশিত হবে।

এছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধে শিগগির আইন করা হবে জানিয়ে তিনি বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান একজন কনভিক্টেড আসামি। তবে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার ব্যাপারটি তদন্ত কমিটি দেখবে।

আইন সমিতির সভাপতি এ কে এম আফজাল উল মুনীরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি মির্জা হোসেইন হায়দার, ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রমুখ।

গত ৩ ডিসেম্বর এক আদেশে গেজেট প্রকাশের জন্য সরকারকে ১০ ডিসেম্বর পর্যন্ত সময় দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর আগে আইন ও বিচার বিভাগ থেকে শৃঙ্খলা বিধিমালার যে খসড়া সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছিল, সেটি গত ৩০ জুলাই তৎকালীন প্রধান বিচারপতি এসকে সিনহা গ্রহণ না করে কয়েকটি শব্দ ও বিধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন।
জেড