রাজধানীর গুলশান-২ এর ইস্টার্ন ডিপ্লোম্যাটিক ওয়্যারহাউজ লিমিটেডে অভিযান চালিয়ে ৭ লাখ টাকাসহ বিপুল পরিমাণ বিদেশি মদের বোতল ও ফেনসিডিল জব্দ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযানটি পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার রাতে গুলশান-২ এর ১০৮ নম্বর সড়কের ২৩ নম্বর ভবনে অভিযান শেষে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এসব তথ্য জানান। তিনি জানান, অভিযান শেষে ওয়্যারহাউজটি সিলগালা করে দেওয়া হয়েছে।
এই অভিযানটি র্যাব ও ঢাকা কাস্টমস বন্ড যৌথভাবে পরিচালনা করে। অভিযানের নেতৃত্বে ছিলেন সারওয়ার আলম।
সারওয়ার আলম বলেন, ‘রাত সাড়ে ৮টায় অভিযান শুরু হয়। রাত ১২টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ৩৮৬ বোতল বিদেশি মদ, ৮৫ বোতল ফেনসিডিল ও ৭ লাখ টাকা জব্দ করা হয়েছে।
সারোয়ার আলম আরো বলেন, ‘গুলশানের ইস্টার্ন ডিপ্লোম্যাটিক ওয়্যার হাউস থেকে ঢাকার বিভিন্ন ক্লাবে মদের বোতল সরবরাহ করা হতো। এ ছাড়া এখানে ফেনসিডিল রাখার কোনো বৈধতা নেই। এরপরও তারা নির্ধারিত মজুদের বেশি মদ ও ফেনসিডিল অন্যত্র সরবরাহের জন্য মজুদ রাখে, যা আইনগতভাবে সম্পূর্ণ অবৈধ। তাদের বিরুদ্ধে কাস্টমস আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এমআর





