বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা অফিস আদেশে ডিসি এম তানভীর আহমেদকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়। তাকে দায়িত্ব পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে হস্তান্তর করে সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে।

এর আগে একই দিন গুলশান থানার ওসি মো. দাউদ হোসেনকে প্রশাসনিক কারণে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়।

গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গুলশান থানাধীন ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন।

পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীদের পক্ষ থেকে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে বলে পুলিশ ও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। ঘটনাস্থল থেকে দুজনকে আটক এবং পাঁচটি ককটেল উদ্ধারের কথা জানানো হয়। পরবর্তী সময়ে এ ঘটনায় আরও গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়।

মিছিলের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে আলোচনা শুরু হওয়ার পর বুধবার প্রথমে গুলশান থানার ওসি এবং পরে গুলশান বিভাগের ডিসিকে সদর দপ্তরে সংযুক্ত করা হলো।

এর আগে মঙ্গলবার সচিবালয়ে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের বিষয়ে গোয়েন্দা তথ্য ছিল। তবে শুক্রবার পুলিশ ওই এলাকায় জুমার নামাজের জন্য লোকজন জড়ো হওয়ার বিষয়টি থেকে এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে হয়তো ধারণা করতে পারেনি।

তিনি বলেন, বেলা ১১টার দিকে জুমার নামাজ আদায়ের কথা বলে কিছু লোক সেখানে জড়ো হয়েছিল। পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এস