করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে আদালতে প্রবেশের সময় সবাইকে মাস্ক পরার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বুধবার (৩১ মার্চ) সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারকাজ শুরুর সময় আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি এই কথা বলেন।

এ সময় প্রধান বিচারপতি বলেন, আদালতে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে, অন্যথায় সংক্রমণ বাড়তেই থাকবে। স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক না পরার কারণে করোনা বাড়ছে। মাস্ক পরা বিষয়ে জ্যেষ্ঠ আইনজীবীদের সতর্ক থাকার পরামর্শ দেন প্রধান বিচারপতি।

করোনা প্রতিরোধে গতকাল (মঙ্গলবার) সুপ্রিমকোর্ট প্রশাসন বিচারক-আইনজীবীদের কালো কোট ও গাউন না পরতে নির্দেশনা জারি করেছে। বিচারক ও আইনজীবীদের পরিবর্তিত পরিস্থিতিতে ড্রেস বিষয়ে গতকাল ৩০ মার্চ বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিমকোর্ট প্রশাসন।

গত এক সপ্তাহ থেকেই দেশে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আজ আরও ৫২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৩৮ জন ও নারী ১৪ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৪৬ জন।

একইদিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ৫ হাজার ৩৩৮ জন। ফলে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ লাখ ১১ হাজার ২৯৫ জন।

বুধবার (৩১ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এমবি