মানবতাবিরোধী অপরাধের মামলায় জড়িত থাকার অভিযোগে রাজশাহীর বোয়ালিয়ার মো. আব্দুস সাত্তার টিপু সুলতানের মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল।
বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ বুধবার এ রায় দেন। এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ৪১ তম রায়।
এর আগে আসামি টিপু সুলতানের উপস্থিতিতে গত ১৭ অক্টোবর উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন ট্রাইব্যুনাল। বুধবার রায়ের দিন ঠিক করে দেন ট্রাইব্যুনাল।
স্বাধীনতা যুদ্ধের সময় রাজশাহীর বোয়ালিয়া এলাকায় নিরিহ মানুষকে হত্যা, অপহরণ, নির্যাতন, লুটতরাজসহ মানবতাবিরোধী বিভিন্ন অপরাধের দুটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে টিপুর বিরুদ্ধে।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে এ মামলায় শুনানি করেন প্রসিকিউটর মো. মোখলেসুর রহমান বাদল, জাহিদ ইমাম ও সাবিনা ইয়াসমীন খান মুন্নী। আসামিপক্ষে ছিলেন আইনজীবী গাজী এমএইচ তামিম।
এএস





