হাতিরঝিল প্রকল্পে ভূমি অধিগ্রহণে' দুর্নীতি মামলার চার্জশিট ভুক্ত আসামি জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আবুল কাশেম তার স্ত্রী সুফিয়া কাশেম এবং সরকারের প্রভাবশালী ২ আমলার ব্যাক্তিগত শুনানি গ্রহণ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান এবং অপর ২ কমিশনার ওই ৪ জনের ব্যাক্তিগত শুনানি গ্রহণ করেন।

গত ফেব্রুয়ারি মাসে অভিযুক্ত ওই ৪ জনের বিরুদ্ধে কমিশন আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দেয়। এর পর অভিযুক্তরা দুদক আইনের ২২ ধারায় ব্যাক্তিগত শুনানির জন্য কমিশনে আবেদন জানান। তাদের ওই আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন আজ রোববার এ শুনানি গ্রহণ করেছে।

দুদকেরচার্জশিট ভুক্ত ৪ আসামি হলেন- জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আবুল কাশেম, তার স্ত্রী সুফিয়া কাশেম, জ্বালানি মন্ত্রণালয়ের উপসচিব জ্ঞানেন্দ্র নাথ সরকার ও নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান।

জানা যায়, ২০১৩ সালের ২৬ ডিসেম্বর দুদক কর্মকর্তা যতন কুমার রায় বাদী হয়ে রাজধানীর কোতোয়ালি থানায় এ মামলা করেন।

দুদকের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০০৬ সালে জ্ঞানেন্দ্র নাথ সরকার ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক ও মোখলেসুর রহমান অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে পরস্পরের যোগসাজসে হাতিরঝিলে তেজকুনিপাড়া মৌজায় ৫৫ শতাংশ জমি দেখিয়ে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করেন।

অথচ সেখানে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আবুল কাশেম, তার স্ত্রী সুফিয়া কাশেমের নামে কোনো জমি ছিল না। প্রকৃতপক্ষে ওই জমি সরকারি সম্পত্তি। এক সময় ওই সম্পত্তির মালিক ছিলেন ভাওয়াল রাজা।

প্রজাস্বত্ব আইন অনুযায়ী ১৯৫২ সালের ২৪ অক্টোবর ওই জমি তৎকালীন সরকার একোয়ার করে। পরে দুদকের উপপরিচালক আবদুস সাত্তার এ মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করেন।
একে