ফিল্ম ডেভলপমেন্ট করপোরেশনকে (এফডিসি) নতুন যন্ত্রপাতির নামে পুরাতন যন্ত্রপাতি সরবরাহ করে ৪ কোটি টাকা হাতিয়ে নিয়েছে ‘ফেইথ ইন্টারন্যাশনাল’ নামক একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।
রাষ্ট্রীয় মালিকানাধীন গুরুত্বপূর্ন প্রতিষ্ঠান এফডিসির কর্মকর্তাদের সহযোগিতায় সংঘবদ্ধ চক্র প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে প্রায় ৪ কোটি টাকা হাতিয়ে নেয়।
এদিকে দুর্নীতি দমন কমিশন (দুদক) এ চাঞ্চল্যকর জালিয়াতির ঘটনাটি আমলে নিয়ে ইতোমধ্যে উপ-পরিচালক হামিদুল হাসানকে বিষয়টির অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের দায়িত্ব দেয়া হয়েছে।
সূত্র জানায়, এফডিসি কর্তৃপক্ষ ২০০৬ সালে ৪ কোটি টাকার ডিজিটাল সাউন্ড টারবো সিস্টেম (ডিটিএস) ক্রয়ের জন্য আন্তর্জাতিক দরপত্র আহবান করে। পরে ২০০৭ সালের ৪ এপ্রিল ‘ফেইথ ইন্টারন্যাশনাল’ নামক সরবরাহকারী (ঠিকাদারী) প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয় এফডিসি কর্তৃপক্ষ।
কিন্তু প্রতিষ্ঠানটি কৌশলে নতুন ডিটিএস যন্ত্রপাতির পরিবর্তে পুরাতন যন্ত্রপাতি সরবরাহ করে পুরো ৪ কোটি টাকার বিল নিয়ে যায়। এফডিসিতে কাঁচা ফিল্ম সরবরাহকারী প্রতিষ্ঠান ‘ফিল্ম ট্রাস্টের’ কর্মচারি উজ্জ্বল চক্রবর্তী ‘ফেইথ ইন্টারন্যাশনাল’ নামক প্রতিষ্ঠানের অংশীদার হিসেবে নেপথ্যে থেকে এ অর্থ হাতিয়ে নেন বলে অভিযোগ ওঠে।
এ জালিয়াতির ঘটনায় এফডিসির উদ্যোগে ওই সময় এক সদস্যের তদন্ত টিম গঠন করা হয়। আর এ তদন্ত টিম ‘ফেইথ ইন্টারন্যাশনালের সরবরাহকৃত ডিটিএস যন্ত্রপাতি পুরাতন সরবরাহের প্রমাণ পেয়েছে। একইসঙ্গে যন্ত্রপাতি পুরানো বলেও সনাক্ত করে। এর পর এ বিষয়টি অনুসন্ধান ও তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য দুদকে পাঠিয়ে দেয়া হয়।
একে, জেএ





