‘রায় দেওয়ার আগে বিবেককে প্রশ্ন করে রায় প্রদান করি’, মন্তব্য করেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
মানবতাবিরোধী অপরাধে কামারুজ্জামানের মামলায় আসামিপক্ষের পাল্টা যুক্তি উপস্থাপন শেষে আইনজীবীর কথার প্রসঙ্গে তিনি এ কথা বলেন।
কামারুজ্জামানের আইনজীবী এস এম শাহজাহান রাষ্ট্রপক্ষের উপস্থাপিত যুক্তির বিপরীতে পাল্টা যুক্তি পেশ শেষে ন্যায়বিচারের মাধ্যমে তার মক্কেল খালাস পাবে এমন প্রত্যাশার কথা জানালে আদালত এ মন্তব্য করেন।
এসময় এই বেঞ্চের প্রধান ও আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, রায়ের আগে আমরা নিজের বিবেককে প্রশ্ন করি। সেশনের পর সেশন আমরা একসাথে বসে সিদ্ধান্ত গ্রহণ করি।
আইনজীবীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা কোনো অভিযোগের বিষয় প্রমাণ করতে না পারলেই যে আমরা রায় বিপক্ষে দেব, বিষয়টি তা নয়। রায় দেওয়ার আগে নিজের বিবেককে প্রশ্ন করে দেওয়া হয়।
এরপর মামলার সংশ্লিষ্ট সবাই ধন্যবাদ জানিয়ে যেকোনো দিন রায় ঘোষণা করা হবে মর্মে অপেক্ষমাণ (সিএভি) রেখে দেয় আদালত। এছাড়া মামলা সংশ্লিষ্ট যেকোনো যুক্তি বা আর্গুমেন্ট লিখিত আকারে যেকোনো পক্ষ জমা দিতে পারবে বলেও জানান আপিল বিভাগের এ বেঞ্চ।
প্রসঙ্গত, আপিল বিভাগে কামারুজ্জামানের মামলাটি তৃতীয় কোনো মামলা হিসেবে শুনানি শেষ করা হয়েছে।
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





