নুসরাত হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত ১৬ আসামিকে কনডেম সেলে পাঠাতে আইজি প্রিজন্সের কাছে আবেদন করা হয়েছে।

ফেনী জেলা কারাগারে আলাদা কোনো কনডেম সেল না থাকায় এ আবেদন করেছে কারা কর্তৃপক্ষ।

জ্যেষ্ঠ জেল সুপার জানান, আবেদন অনুমোদন সাপেক্ষে কাশিমপুরসহ যেসব কেন্দ্রীয় কারাগারের কনডেম সেল ফাঁকা রয়েছে, সেসবের একটিতে পাঠানো হবে দণ্ডপ্রাপ্তদের।

এরআগে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সোয়া ১১টায় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রশিদ নুসরাত হত্যা মামলায় ১৬ আসামির ফাঁসির রায় ঘোষণা করেন। এবং প্রত্যেক আসামিকে একলাখ টাকা জরিমানা করেন তিনি।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ এসএম সিরাজ উদ-দৌলা (৫৭), নুর উদ্দিন (২০), শাহাদাত হোসেন শামীম (২০), কাউন্সিলর ও সোনাগাজী পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম ওরফে মোকসুদ কাউন্সিলর (৫০), সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের (২১), জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন (১৯), হাফেজ আব্দুল কাদের (২৫), আবছার উদ্দিন (৩৩), কামরুন নাহার মনি (১৯), উম্মে সুলতানা ওরফে পপি (১৯), আব্দুর রহিম শরীফ (২০), ইফতেখার উদ্দিন রানা (২২), ইমরান হোসেন ওরফে মামুন (২২), সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাদ্রাসার সাবেক সহ সভাপতি রুহুল আমিন (৫৫), মহিউদ্দিন শাকিল (২০) ও মোহাম্মদ শামীম (২০)।

ফেনী কারাগারের জেলার দিদারুল আলাম বলেন, ‘ফেনী জেলা কারাগারে কোনো কনডেম সেল নেই। এজন্য নুসরাত হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত ১৬ আসামিকে কুমিল্লা কারাগারে পাঠানোর জন্য আইজি প্রিজনের কাছে চিঠি পাঠানো হয়েছে। কারণ কুমিল্লা কারাগারে অনেকগুলো কনডেম সেল রয়েছে।

বিচারিক আদালতের পাবলিক প্রসিকিউটর জানান, আসামিদের ডেথ রেফারেন্স লাল কাপড়ে মুড়িয়ে হাইকোর্টে পাঠানোর জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে। এদিকে রায়ের বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে আসামিপক্ষের আইনজীবীরা।

এএস