একটি বিয়ের অনুষ্ঠানে শাকিল খান (১৫) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অনুষ্ঠানে নৃত্যের একপর্যায়ে স্ত্রীর গায়ে ধাক্কা লাগায় ওই হত্যাকাণ্ড ঘটে বলে অভিযোগ রয়েছে। এই ঘটনায় ওই নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ।
শাকিল খানের চাচা মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে রায়েরবাজার সুলতানগঞ্জের মেকাপখান গলিতে শাকিলদের ৩২/১০/এ/৮/৫ নম্বর বাসার পাশে একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে পাড়ার অন্য ছেলেদের সাথে শাকিলও আনন্দ-উল্লাস ও নাচ-গান করতে থাকে। সবাই নাচার সময় শাকিলের সঙ্গে আছিয়া বেগম নামে এক নারীর ধাক্কা লাগে। এতে ওই নারীর ঠোঁট কেটে যায়। এই ঘটনা নিয়ে বিয়েবাড়িতে তোলপাড় হয়।
আছিয়ার স্বামী কামাল হোসেন এবং অন্য কয়েকজন মিলে শাকিলকে বেধড়ক মারধর করেন। ওই সময় বিয়ে বাড়ির অন্য মেহবানরা হামলাকারীদের কাছ থেকে শাকিলকে উদ্ধার করেন। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। পরদিন শুক্রবার রাতেও শাকিলকে মারধর করেন কামাল হোসেনের লোকজন। এতে শাকিল গুরুতর আহত হয়। পরে তাকে
মরাঙ্গীর চর কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়। খবর পেয়ে রাত ৪টার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাপাতাল মর্গে পাঠায়।
হাসপাতাল সূত্র জানায়, শাকিলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে কামাল হোসেনের স্ত্রী আছিয়া বেগম (৩৬), বোন নাজমা বেগম (৪২), ভাগিনার ছেলে নাজিম (২৪) ও ভাই মো. শাজাহানকে (৩০) আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।
জেএ





