ফেনীর আওয়ামী লীগ নেতা একরামুল হক একরাম হত্যা মামলার প্রধান আসামি মাহতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনারের জামিন স্থগিতাদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার দুই সপ্তাহের জন্য জামিন স্থগিতাদেশ বহাল রাখেন।
পাশাপাশি এই সময়ের মধ্যে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন মিনারকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে চিকিৎসার পর সেখানকার স্বাস্থ্যগত প্রতিবেদন আদালতে দাখিল করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া বঙ্গবন্ধু মেডিকেলের উপাচার্যকে মিনারের চিকিৎসার বিষয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করে কারা কর্তৃপক্ষকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
গত ১৬ মার্চ হাইকোর্ট একটি বেঞ্চ ছয় সপ্তাহের জন্য মিনারের জামিন মঞ্জুর করেন। ওই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে আপিল বিভাগের চেম্বার আদালত ২০ মার্চ সেটি প্রধান বিচারপতির বেঞ্চে পাঠিয়ে দেন। পাশাপাশি জামিনও স্থগিত করেন।
এর পর বৃহস্পতিবার প্রধান বিচারপতির বেঞ্চ ওই আবেদনের শুনানি নিয়ে জামিন স্থগিত করে চেম্বার আদালতের দেওয়া আদেশ বহাল রাখেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মিনারের পক্ষে ছিলেন আইনজীবী আবদুর রেজ্জাক খান।
২০১৪ সালের ২০ মে ফেনী শহরের বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরামকে গুলি করে কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে সন্ত্রাসীরা। পরে নিহতের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহাতাব উদ্দিনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা করেন।
ফেনী জেলা দায়রা জজ আদালতে বর্তমানে মামলার বিচারকাজ চলছে। এ মামলায় গ্রেফতারদের মধ্যে চারজন জামিনে আছেন। বন্দি ৩৮ জনের মধ্যে ফেনী কারাগারে ৩১ জন, কুমিল্লা কারাগারে ছয়জন এবং ঢাকায় মিনার চৌধুরী রয়েছেন। পলাতক আছেন ১৪ আসামি। এদের মধ্যে নিম্ন আদালতে মিনারের জামিন নামঞ্জুর হলে তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।
ওএফ





