প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘মীর কাসেমের মামলা থেকে প্রধান বিচারপতি যদি নিজেকে প্রত্যাহার করে নিতেন তাহলে দেশে দাঙ্গা হতো, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল হয়ে যেত।
রোববার দুই মন্ত্রীর আদালত অবমাননার মামলার শুনানিকালে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘সরকারের দুই মন্ত্রীর বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ। তাদের বক্তব্যের মধ্যদিয়ে তারা সর্বোচ্চ আদালতকে অবমাননা করেছেন।’
প্রধান বিচারপতি বলেন, ‘মন্ত্রীরা শপথ নিয়েছেন সংবিধান রক্ষার, এই শপথ ভঙ্গ করলে পরিণতি কী হয়?’
একই সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের আইনজীবী ব্যারিস্টার রফিকুল হকের উদ্দেশ্যে সিনহা বলেন, ‘আপনার মক্কেল যে জবাব দাখিল করেছেন, সেখানে আদালত অবমাননার দোষ স্বীকার করেছেন।
যেহেতু আপনি অবমানার দোষ স্বীকার করেছেন, সেহেতু আপনার পরিণতি আইন মতে কী হয়? সেটির ব্যাখ্যা দিন।’
প্রধান বিচারপতি বলেন, ‘আমরা অনেক সহ্য করেছি। মনে রাখবেন- আপনি যেই হোন না কেন, সংবিধান রক্ষায় যে কোনো আদেশ দিতে আদালত কুণ্ঠাবোধ করবে না।
যত বড় ক্ষমতাধর আপনারা হোন না কেন- আইন সব সময় সোজা পথে চলবে তার নিজস্ব নিয়মে।’
শুনানির এক পর্যায়ে প্রধান বিচারপতি বলেন, ‘সাধারণ নাগরিক ও একজন মন্ত্রীর অপরাধ এক নয়। সংবিধানের বাইরে আমরা কোনো রায় দিতে পারি না।’
এসটি





