নাশকতা ও রাষ্ট্রদ্রোহের তিন মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর রিমান্ড শুনানি পিছিয়ে ৬ জুন ধার্য করেছেন আদালত।
সোমবার (৩০ মে) তিন মামলায় রিমান্ড শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় রিমান্ড শুনানির বিষয়ে উচ্চ আদালতে শুনানি মুলতবি থাকায় আসামিপক্ষে সময়ের আবেদন করেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মারুফ হোসেন, গোলাম নবী ও মাজহারুল ইসলাম রিমান্ড শুনানি পিছিয়ে ৬ জুন দিন ধার্য করেছেন।
এর আগে গত ২৪ মে মোসাদ কানেকশনে সরকার উৎখাতে ষড়যন্ত্রের সন্দেহের মামলায় ৭ দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। ১৬ মে আসলাম চৌধুরী এবং তার ব্যাক্তিগত সহকারী মো. আসাদুজ্জামান মিয়ার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
সরকার উৎখাতে ষড়যন্ত্রের সন্দেহের মামলায় বলা হয়, আসলাম চৌধুরী গত ৫ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত ভারতে অবস্থানকালে আইনানুগভাবে প্রতিষ্ঠিত বাংলাদেশ সরকারকে উৎখাতের জন্য বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক বহিভূত রাষ্ট্র ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এর এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে সাক্ষাৎ করেন। যার কিছু ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে আসামিরা সরকারকে অবৈধভাবে উৎখাতের জন্য দেশে সন্ত্রাস, নাশকতা ও বিদ্বেষ সৃষ্টির উদ্যোগ গ্রহণ করেন যা দেশে অখন্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ এবং রাষ্ট্রদ্রোহের শামিল।
এরপর তাকে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া তিনটি নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়।
এমই





