আশুলিয়ার একটি পোশাক কারখানায় টিফিনের খাবার খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।
রবিবার রাত দশটার দিকে নরসিংহপুর এলাকার নিউ এইচ এ্যপারেলস লিমিটেড নামক পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। আহতদেরকে উদ্ধার করে স্থনীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রমিক ও পুলিশ সুত্রে জানা গেছে, রবিবার রাতে আশুলিয়ার নিউ এইচ এ্যপারেলস লিমিটেড নামক পোশাক কারখানার ফিনিশিং শাখায় ১৪০ জন শ্রমিক কাজ করছিলেন। রাত সাড়ে নয়টার দিকে তাদেরকে টিফিন হিসেবে ডিম, কলা ও রুটি খেতে দেওয়া হয়।
ওই খাবার খাওয়ার পর থেকেই কয়েকজন শ্রমিক মাথা ঘুরিয়ে ফ্লোরে পড়ে যান। এর ২০ মিনিটের মধ্যেই কারখানার অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদেরকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়।
নারী ও শিশু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘রবিবার রাত দশটার পর থেকে নিউ এইচ পোশাক কারখানার শ্রমিকরা তাদের হাসপাতালে ভর্তি হতে শুরু করেন। বর্তমানে ওই কারখানার অর্ধশতাধিক শ্রমিক তাদের হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আশুলিয়া শিল্প পুলিশের পরিচালক মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা, ২৩ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস





