সুপ্রিম কোর্টের আইনজীবী ও হিউম্যান রাইটস অ্যাড পিস ফর বাংলাদেশ’র (এইচআরপিবি) প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরশেদকে হত্যার হুমকি দিয়েছে নিষিদ্ধ সংগঠন আনসার উল্লাহ বাংলা টিম।
এ ঘটনায় এইচআরপিবির পক্ষ থেকে উদ্বেগ ও নিন্দা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে হুমকির ঘটনায় রাজধানীর নিউমার্কেট থানায় রবিবার একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সেক্রেটারি আইনজীবী আসাদুজ্জামান সিদ্দিকী।
এইচআরপিবির নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, অ্যাডভোকেট মনজিল মোরশেদ পরিবেশ রক্ষা, মানবাধিকার প্রতিষ্ঠা, ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ, প্রত্নতাত্ত্বিক স্থাপনা সংরক্ষণসহ বিভিন্ন বিষয়ে দেশের মানুষের জন্য বিনা অর্থে শত শত মামলা করে উপকার করে আসছেন। এর মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠায় এক অভূতপূর্ব সুযোগ সৃষ্টি হয়েছে।
বিবৃতিতে বলা হয়, কোনো বিশেষ দল বা গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত না থেকে অ্যাডভোকেট মনজিল মোরশেদ যখন বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করছেন তখনই তাকে আনসার উল্লাহ বাংলা টিম হত্যার হুমকি দিয়েছে, যা সম্পূর্ণ অমানবিক ও উৎকণ্ঠার বিষয়। অবিলম্বে হুমকিদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার আহ্বান জানান সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এসএইচ





