জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
তার উপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বাদীকে জেরা করা হচ্ছে। খালেদা জিয়ার আইনজীবীরা মামলার বাদী হারুন অর রশিদকে জেরা করছেন।
দুর্নীতির এ দুই মামলার বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের এই অস্থায়ী আদালতে।
সোমবার সকাল সাড়ে ১০টায় বিশেষ জজ আদালতে পৌঁছান খালেদা জিয়া। এর আগে সকাল সাড়ে ৯টায় আদালতের উদ্দেশে গুলশানের বাসা থেকে বের হয় তার গাড়িবহর।
এর আগে গত ২৩ জুলাই বেগম জিয়ার আইনজীবীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিপক্ষের জেরা ও সাক্ষ্যগ্রহণের এ দিন ধার্য করেন আদালত।
২০১০ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। পরের বছর ১৬ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা।
আসামিদের বিরুদ্ধে তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়।
২০০৮ সালের ৩ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্টে অনিয়মের অভিযোগে রমনা থানায় অন্য মামলাটি দায়ের করে দুদক। এতিমদের সহায়তার জন্য একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় এ মামলায়।
এমকে





