ফিল্ম ডেভলপমেন্ট করপোরেশন (এফডিসি)কে নতুন যন্ত্রপাতির নামে ৪ কোটি টাকার পুরাতন যন্ত্রপাতি সরবরাহের ঘটনায় এফডিসির ২ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

বুধবার দুদক উপ-পরিচালক হামিদুল হাসান এ তলবি নোটিশ পাঠান। নোটিশে আগামি ২৯ ডিসেম্বর সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০ টার মধ্যে এফডিসি’র সাবেক প্রকল্প পরিচালক কেএম আইয়ুব আলী এবং সহকারি প্রকল্প পরিচালক মনিরুজ্জামান খানকে দুদকে হাজির হতে বলা হয়েছে।

অভিযোগ রয়েছে, রাষ্ট্রীয় মালিকানাধীন এফডিসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতায় ‘ফেইথ ইন্টারন্যাশনাল’ নামক একটি ঠিকাদারী প্রতিষ্ঠান প্রতারণার মাধ্যমে ওই অর্থ হাতিয়ে নেয়।
জানা যায়, এফডিসি কর্তৃপক্ষ ২০০৬ সালে ৪ কোটি টাকার ডিজিটাল সাউন্ড টারবো সিস্টেম (ডিটিএস)ক্রয়ের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে। পরে ২০০৭ সালের ৪ এপ্রিল ‘ফেইথ ইন্টারন্যাশনাল’(ঠিকাদারী) প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয় এফডিসি কর্তৃপক্ষ।

কিন্তু প্রতিষ্ঠানটি কৌশলে নতুন ডিটিএস যন্ত্রপাতির পরিবর্তে পুরাতন যন্ত্রপাতি সরবরাহ করে পুরো ৪ কোটি টাকার বিল নিয়ে যায়। এফডিসিতে কাঁচা ফিল্ম সরবরাহকারী প্রতিষ্ঠান ‘ফিল্ম ট্রাস্টের’ কর্মচারি উজ্জ্বল চক্রবর্তী ‘ফেইথ ইন্টারন্যাশনাল’ নামক প্রতিষ্ঠানের অংশীদার হিসেবে নেপথ্যে থেকে এ অর্থ হাতিয়ে নেন বলে অভিযোগ ওঠে।
জানা যায়, ২০০৭ সালে ‘ফেইথ ইন্টারন্যাশনাল’ নামক সরবরাহকারী প্রতিষ্ঠান কার্যাদেশ পেয়ে ডিটিএস সরবরাহ করে। তার সরবরাহকৃত যন্ত্রপাতির মধ্যে অন্তত ১৬টি আইটেম পুরাতন বলে ধরা পড়ে। অথচ এলসি’র বিপরীতে সরবরাহকারী প্রতিষ্ঠান ৬০ শতাংশ অর্থ ব্যাংক থেকে তুলে নেয়।
একে