শনিবার (৩১ অক্টোবর) মন্ত্রণালয়ের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য পরীক্ষার জন্য কোনো কর্মীকে ৮ হাজার টাকার বেশি দিতে হবে না। এ বিষয়ে সতর্ক করে কর্মীদের দালাল বা মধ্যস্বত্বভোগীদের সঙ্গে যোগাযোগ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করবে না। মালয়েশিয়ায় যাওয়ার জন্য নির্বাচিত কর্মীরা অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো কর্মীর মেডিকেল স্লিপ একটি এজেন্সির মাধ্যমে করা হলেও পরে তিনি অন্য এজেন্সির মাধ্যমে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারবেন। সে ক্ষেত্রে আগের এজেন্সিকে বিলম্ব না করে মেডিকেল রিপোর্ট পাঠিয়ে দিতে হবে। স্লিপ প্রদানকারী এজেন্সির কোনো অজুহাত বা আপত্তি গ্রহণযোগ্য হবে না।

নির্ধারিত ফির বেশি অর্থ দাবি, হয়রানি বা টালবাহানার শিকার হলে কর্মীদের দ্রুত মন্ত্রণালয়কে জানানোর অনুরোধ করা হয়েছে। এ জন্য secretary@probashi.gov.bd ঠিকানায় ইমেইল করতে বলা হয়েছে। মন্ত্রণালয় স্পষ্ট করেছে, মাইগ্রামস (MIGRAMS) স্লিপের জন্য কোনো ফি দিতে হয় না।

মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শনিবার (৩১ অক্টোবর) থেকে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে শুরু হয়েছে। এর আগে করানো স্বাস্থ্য পরীক্ষা গ্রহণযোগ্য হবে না এবং অভিবাসন ছাড়পত্রের জন্যও বিবেচিত হবে না বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এস