রাজধানী ঢাকার কল্যানপুরে একটি জঙ্গি আস্তানায় অভিযানে ৯ জন জঙ্গি নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
এর আগে সোমবার মধ্যরাতে অভিযান চালানোর সময় পুলিশের সাথে গোলাগুলির পর কল্যানপুরের ঐ বাড়িটি ঘিরে রেখেছিল পুলিশ।
আজ (মঙ্গলবার) ভোর ৬ টার আগে শুরু হয়ে প্রায় এক ঘন্টাব্যাপী অভিযানে বাড়ির ভেতরে থাকা ৯ জন 'জঙ্গি সদস্যের' সবাই নিহত হয় বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর অঞ্চলের উপ পুলিশ কমিশনার মাসুদ আহমেদ জানিয়েছেন, সেখানে সারারাত ধরে গোলাগুলি চলেছে।
তিনি জানান, মধ্যরাতে পুলিশ একটি নিয়মিত রেইডে বের হলে তারা হঠাৎ আক্রমনের শিকার হন। পুলিশ পাল্টা গুলি ছুড়লে তারা কল্যানপুরের ঐ বাড়িটি থেকে পুলিশের দিকে গুলি ছুড়তে থাকে।
জঙ্গিরা হাতবোমা ও গ্রেনেডও ছুড়েছে বলে জানান মাসুদ আহমেদ। রাতেই কল্যাণপুরে পুলিশের বিশেষ বাহিনি সোয়াট ও আশপাশের সবগুলো থানা থেকে পুলিশ এসে যোগ দেয়।
ভোর সাড়ে পাচটার সামান্য পরে সোয়াটসহ পুলিশের বিভিন্ন বিভাগের সদস্যরা অভিযান শুরু করে যার নাম দেয়া হয়েছে 'অপারেশন স্টর্ম টুয়েন্ট সিক্স'।
পুলিশ বলছে, অভিযানে বাড়িতে অবস্থানকারী নজনের সবাই নিহত হয়েছেন। সকাল সাতটায় এই প্রতিবেদন তৈরির সময় ভেতরে তল্লাশি চালানো হচ্ছিল। বোমা নিষ্ক্রিয় করার জন্য বম্ব ডিস্পোজাল টিমও কাজ করছিল।
বাড়িটি থেকে কিছু গোলাবারুদও উদ্ধার করা হয়েছে জানিয়ে পুলিশ বলে রাতে ঘটনাস্থল থেকে হাসান নামে একজন গুলিবিদ্ধকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাছাড়া জঙ্গিদের গ্রেনেড হামলায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন বলে্ও জানা গেছে।
এদিকে, এই রিপোর্ট লিখার সময়্ও আইন প্রয়োগকারী সংস্থার বিপুল সংখ্যক কল্যাণপুর ৫ নম্বর সড়কের পাঁচতলাবিশিষ্ট বাড়িটিসহ এলাকাটি ঘিরে রাখে।
কেবি





