এডিস মশা নির্মূলে নতুন ওষুধ আনতে গড়িমসি করায় এবং কার্যকর সিদ্ধান্ত না নেওয়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদকে তলব করেছেন হাইকোর্ট।

আজ (০১ আগস্ট) বৃহস্পতিবার দুপুর ২টায় তাঁকে আদালতে হাজির হয়ে এই বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি সোহরাওয়ারদীর বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে শুনানিতে সিটি করপোরেশনের আইনজীবী সাঈদ আহমেদ রাজা বলেন, “ওষুধ আনবে সরকার। আমরা শুধু প্রয়োগ করব। গত পরশু দিন আবেদন করেছি। এখনো কোনো কিছুই হয়নি, পড়ে রয়েছে। কোনো কিছুই হচ্ছে না। এই প্রসেস কখনোই শেষ হবে না।”

আদালত বলেন, “আমরা ১৬ দিন আগে রুল দিয়েছি। সরকার কি কোনো কাজ করছে না?”রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, “মিটিং হয়েছে। ব্যবস্থা নিচ্ছে।”

আইনজীবীরা আদালতকে জানান, বিশেষ বিমানে করে মশা নিধনের নতুন ওষুধের নমুনা আজকের মধ্যে দেশে আসবে বলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আইনজীবীরা হাইকোর্টে জানিয়েছেন। একই সঙ্গে ওই নমুনা ওষুধের কার্যকারিতার ওপর মহাখালীর একটি ল্যাবরেটরিতে প্রাথমিকভাবে পরীক্ষা চালানো হবে বলেও তাঁরা আদালতকে জানিয়েছেন।

তবে হাইকোর্ট বলেছেন, “যখন মশার প্রকোপ শুরু হলো, তখন আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি?  দুই সিটি কপোরেশন মশক নিধনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।”

বৃহস্পতিবার (০১ আগস্ট) বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চেকে আইনজীবীরা এইসব তথ্য দেন।

আদালতে দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে শুনানিতে ছিলেন- আইনজীবী সাঈদ আহমেদ রাজা। উত্তর সিটি করপোরেশনের পক্ষে ছিলেন- আইনজীবী তৌফিক ইনাম টিপু। আর রাষ্ট্রপক্ষে ছিলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান ও সহকারী অ্যাটর্নি জেনারেল সায়রা ফাইরোজ।

এমবি