অর্থ আত্মসাতের বিভিন্ন মামলায় তিন ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন,দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য।
গ্রেপ্তারকৃত তিন ব্যাংক কর্মকর্তা হলেন জনতা ব্যাংকের উত্তর খান শাখার প্রাক্তন ব্যবস্থাপক মোজাহার আলী, ওরিয়েন্টাল ব্যাংক লিমিটেডের (বর্তমানে আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড) কারওয়ান বাজার শাখার প্রাক্তন জুনিয়র এসিট্যান্ট অফিসার জি এম হুমায়ুন কবির এবং একই ব্যাংকের প্রাক্তন এক্সিকিউটিভ অফিসার আশফাকুল হাকিম।
এ বিষয়ে দুদক সূত্র জানায়, ৫ লাখ ৫৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালে জনতা ব্যাংক কর্তৃপক্ষ মোজাহার আলীর বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলাটি বর্তমানে দুদক তদন্ত করছে ।
তদন্তের প্রয়োজনে বুধবার দুপুরে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সংস্থার সহকারী পরিচালক মনিরুল ইসলামের নেতৃত্বে উপসহকারী পরিচালক মানসী বিশ্বাস তাকে গ্রেপ্তার করেন বলে জানাযায়।
ওরিয়েন্টাল ব্যাংকের কারওয়ান বাজার শাখা থেকে এক কোটি ৮৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৭ সালে করা একটি মামলায় গ্রেপ্তার হয়েছে ব্যাংকটির প্রাক্তন দুই কর্মকর্তা।
দুদকের উপপরিচালক উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম তাদের গ্রেপ্তার করেন। জি এম হুমায়ুন কবিরকে পল্লবী ও আশফাকুল হাকিমকে তল্লাবাগ থেকে গ্রেপ্তার করা হয়।
এসএম





