জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা হারুনুর রশিদকে ফের জেরার আবেদন মঞ্জুর করেছেন আদালত। তবে অন্য ৫ জন সাক্ষীকে পুনরায় জেরার আবেদন নামঞ্জুর করা হয়েছে।
বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আখতারুজ্জামান এ আদেশ দেন। বিচার তাৎক্ষণিকভাবে জেরা করার জন্য খালেদা জিয়ার আইনজীবীদের নির্দেশ দেন। চ্যারিটেবল মামলার তদন্ত করছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক হারুনুর রশিদ। তাঁকে এ মামলার বিষয়ে পুনরায় জেরা করা হবে।
খালেদা জিয়ার পক্ষে আইনজীবী এ জে মোহাম্মদ আলী, জমিরউদ্দিন সরকার, জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও সানাউল্লাহ মিয়া উপস্থিত আছেন। অন্যদিকে, দুদকের পক্ষে রয়েছেন আইনজীবী মোশাররফ হোসেন কাজল।
এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য বেলা ১১টা ১২ মিনিটে পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত ৫ নম্বর বিশেষ জজ আদালতে হাজির হন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
গত ১ জুন খালেদা জিয়ার পক্ষে সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ৮ জুন শুনানির জন্য দিন ঠিক করেন আদালত।
এমএনজে





