সাতক্ষীরা সদর উপজেলার জগন্নাথপুর প্রাইমারী স্কুলের সামনে থেকে ডাকাতির প্রস্তুতিকালে চার আন্তঃ জেলা ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় গুলিবিদ্ধ হয়েছে ২ ডাকাত।

মঙ্গলবার ভোর রাত আনুমানিক ২টায় এ ঘটনা ঘটে।

পুলিশ সেখানে ২ রাউন্ড গুলি বর্ষণ করে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত গ্রীলকাটা মেশিনসহ অন্যান্য জিনিস পত্র।

গ্রেফতারকৃতরা হল, কালিগঞ্জ উপজেলার দেবাড়িয়া গ্রামের শাহাজ উদ্দীন গাজীর ছেলে গুলিবিদ্ধ জাহাঙ্গীর গাজী (৪০), একই উপজেলার পাইকাড়া গ্রামের সোনা গাজীর ছেলে গুলিবিদ্ধ শওকত গাজী (৫০), একই উপজেলার বেনাদনা গ্রামের গহর আলী ঢালীর ছেলে গফফার ঢালী(৩০) ও দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের নূর ইসলামের ছেলে হাসান আলী (৩৫)।

সাতক্ষীরা সদর অফিসার ইনচার্জ (ওসি) ইনামুল হক এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সদর উপজেলার আগরদারি ইউনিয়নের জগন্নাথপুর প্রাইমারী স্কুলের সামনে মঙ্গলবার ভোর রাতে ১০/১২ জনের একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়।

এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ও ককটেল নিক্ষেপ করে। পুলিশও আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে।

পুলিশের গুলিতে এ সময় ডাকাত জাহাঙ্গীর ও শওকত গুলিবিদ্ধ হয়। পরে পুলিশ সেখান থেকে গুলিবিদ্ধ ২জনসহ আন্তঃ জেলা ডাকাতদলের ৪ সদস্যকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত ৪ জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গুরুত্বপূর্ন তথ্য দিয়েছে বলেও জানান তিনি।

ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম)এসআর