শনিবার (১ আগস্ট) রাত ১১টা ১০ মিনিটের দিকে যশোর কোতোয়ালি মডেল থানার ষষ্ঠীতলা এলাকার একটি ভাড়া বাসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল।

পুলিশ জানায়, উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে স্থানীয় বাসিন্দা ও বাড়ির মালিককে সঙ্গে নিয়ে ওই বাসায় প্রবেশ করা হয়। দরজা খুলে এক ব্যক্তি নিজেকে বিজিবির সদস্য বলে পরিচয় দেন। পরে ঘরের ভেতরে থাকা আরও দুজনও একই দাবি করেন। পরিচয়পত্র দেখতে চাইলে তারা তা দেখাতে ব্যর্থ হন। একপর্যায়ে জিজ্ঞাসাবাদে তারা বিজিবির সদস্য নন বলে স্বীকার করেন।

ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, বিজিবির পোশাক ব্যবহার করে যশোরসহ বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ সংঘটিত করতেন।

আটক ব্যক্তিরা হলেন শার্শা উপজেলার গোগা গাজীপাড়া গ্রামের মো. উজ্জ্বল হোসেন (৩০), হরিশচন্দনপুর পূর্বপাড়া গ্রামের মো. আনারুল ইসলাম (৩২) এবং একই এলাকার মো. তোফাজ্জেল হোসেন (৩০)।

অভিযানে বিজিবির এক সেট পোশাক, দুটি স্টিলের হ্যান্ডকাফ, দুটি সচল ওয়াকিটকি, একটি চাইনিজ কুড়াল, দুটি কাটারি, একটি গ্রাইন্ডার মেশিন, একটি তালা কাটার মেশিন, একটি হ্যাকসো ব্লেড, একটি তালা কাটার যন্ত্র এবং একটি নোজ প্লাস উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক উজ্জ্বল হোসেনের বিরুদ্ধে আগে পাঁচটি এবং তোফাজ্জেল হোসেনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। উদ্ধার হওয়া সরঞ্জাম কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং তাদের সঙ্গে অন্য কোনো সংঘবদ্ধ চক্র জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এস