গত রাতে (৫ অক্টোবর সোমবার) রাত ১২টায় শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন রসুলপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ডের বাসিন্দা খোকন চাকলাদার, মাকসুদ কর্মকার এবং তাহের।
পুলিশ সূত্রে জানা গেছে, রসুলপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শশীভূষণ বাজার সদর দক্ষিণ মাথায় খোকন চাকলাদারের একটি পরিত্যক্ত বসত ঘরের নির্জন স্থানে একদল ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শশীভূষণ থানা পুলিশের একটি বিশেষ চৌকস দল সেখানে আকস্মিক অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালানোর চেষ্টা করলে ধাওয়া করে খোকন, মাকসুদ ও তাহেরকে গ্রেফতার করা হয়। তবে অন্ধকার ও ভৌগোলিক পরিস্থিতির সুযোগ নিয়ে তাদের সাথে থাকা আরও ৩-৪ জন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেফতারের পর তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বেশ কিছু দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা দায়েরের করা হয়েছে। পলাতক বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে শশীভূষণ থানা পুলিশ সর্বদা তৎপর।
এমএম











