অসদুপায় অবলম্বনকারী ওই ছাত্রের নাম দিব্য জ্যোতি সাহা। তার রোল নম্বর ৩১১০০০৫২। তার বাসা ঢাকার সিদ্ধেশ্বরীতে। তবে তার পরিবার খুলনার স্থায়ী বাসিন্দা। তার বাবার নাম ড. সাহা চঞ্চল কুমার।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতর থেকে জানা যায়, আজ ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা শুরু হয় সকাল ১১টা থেকে। পরীক্ষা চলাকালে এক ভর্তিচ্ছু শিক্ষার্থীর অস্বাভাবিক আচরণ লক্ষ করেন হলের পর্যবেক্ষক এক শিক্ষক। তিনি দেখতে পান, ওই শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করে চারটি ছবি তোলেন। তারপর কাছে গিয়ে দেখতে পান, ওই শিক্ষার্থী ‘ডিপসিক’ নামক এআই অ্যাপ ব্যবহার করে উত্তর খুঁজে লেখার চেষ্টা করছেন। পরীক্ষা শেষে তাকে আটক করা হয়। এরপর প্রক্টর অফিসে তাকে নিয়ে আসা হয়।

জানতে চাইলে ওই শিক্ষার্থী বলেন, ‘আমি মোবাইল ফোন ব্যবহার করছিলাম। এটা আমার অপরাধ হয়েছে। ডিপসিক ব্যবহার করে উত্তর খুঁজছিলাম। কিন্তু আমি লিখতে পারিনি। আমি স্বীকার করছি যে, আমি অপরাধ করেছি, তবে আমাকে ছেড়ে দিলে আমি আর জীবনে এমন কাজ করবো না।’

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর গিয়াসউদ্দিন বলেন, ‘আমাদের হলের এক পর্যবেক্ষক পরীক্ষার হলের ভেতরে ওই শিক্ষার্থীর অস্বাভাবিক আচরণ লক্ষ করেন। দেখা যায়, সে ডিপসিক নামক এআই অ্যাপ ব্যবহার করে উত্তর খোঁজার চেষ্টা করছিল। পরে তাকে আটক করা হয়। বিধি মোতাবেক আমরা ব্যবস্থা গ্রহণ করবো।’

এমএম