ঢাকা আইনজীবী সমিতির নির্বাচিত সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, আইন অঙ্গনের সুপরিচিত ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশ ইসলামীক ল’ইয়ার্স কাউন্সিল ঢাকা আইনজীবী শাখার সহ-সভাপতি ও জামায়াতে ইসলামীর রুকন এ্যাডভোকেট এস এম সোহরাব আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির (ভারপ্রাপ্ত) ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

আজ (শনিবার) দলটির ঢাকা মহানগরী দক্ষিণের প্রচার সহকারী এম আলাউদ্দিন আরমান স্বাক্ষরিত এক শোক বার্তায় ড. হেলাল মরহুম সোহরাব আলীর বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা, ইসলামী সমাজ বিনির্মাণ ও সমাজসেবায় অসামান্য অবদানের কথা স্মরণ করেন।

তিনি বলেন, “তার মৃত্যুতে জাতি দেশপ্রেমিক গুণী আইনজীবি ও ইসলাম সচেতন একজন মানুষকে হারালো।” শোক বার্তায় ড. হেলাল মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, “আল্লাহ যেন তাঁর নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং পরিবার ও আত্মীয় স্বজনকে সবর করার তৌফিক দান করেন।” 

এ্যাডভোকেট এস এম সোহরাব আলী শুক্রবার (৮ ডিসেম্বর) রাত ১০টায় রাজধানী ঢাকার রায় সাহেব বাজার জনসন রোডের নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, পুত্র’সহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন।

মরহুম সোহরাব ঢাকা বারের সিনিয়র আইনজীবী ছিলেন। তিনি ১৯৮১ সালে ঢাকা বারের সদস্য হন। এবং ২০০১-২০০২ সালে ঢাকা আইনজীবী সমিতির সহ-সভাপতি নির্বাচিত হন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন ছিলেন। এবং সূত্রাপুর থানা’সহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।

মরহুমের ১ম নামাজে জানাজা শনিবার সকাল ১০ টায় ঢাকা জজ কোর্ট প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এবং বিকাল ৪ টায় ২য় জানাজা শেষে মোমেনশাহীর ফুলবাড়িয়ায় তাঁকে দাফন করা হবে।

এ্যাডভোকেট এস এম সোহরাব আলীর মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন, ইসলামিক ল’ইয়ার্স কাউন্সিল সুপ্রিম কোর্ট শাখার সভাপতি এডভোকেট জসীম উদ্দিন সরকার, সহ-সভাপতি এস.এম কামাল উদ্দিন, সেক্রেটারি এডভোকেট মু. ফরিদ উদ্দিন। ইসলামিক ল’ইয়ার্স কাউন্সিল ঢাকা বারের সভাপতি এডভোকেট মু. আব্দুর রশিদ, সেক্রেটারি এডভোকেট মু. আব্দুর রাজ্জাক।

এমবি