পাবনার ঈশ্বরদী উপজেলায় চালকের গলায় ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আহত মোটরসাইকেল চালকের নাম নাজমুল হোসেন (২২) । তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
সোমবার রাত সাড়ে নয়টার দিকে রুপপুর মোড়ে এই ঘটনা ঘটে।
নাজমুল লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের পাকুড়িয়া সাহাপাড়া গ্রামের মো. আমছারের ছেলে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের স্বজনরা জানান, সোমবার রাতে মোটরসাইকেলে রূপপুর মোড় থেকে পাকুড়িয়া সাহাপাড়া এলাকায় নিজ বাড়িতে যাচ্ছিলেন।
রাতে দাশুড়িয়া-কুষ্টিয়া সড়কে উপজেলার সাহাপুর পাঠশালা মোড় এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলে করে আসা দুজন দুর্বৃত্ত তার পথরোধ করে।
এ সময় নাজমুল মোটরসাইকেল নিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। এতে তার গলায় আঘাত লাগলে নাজমুল মাটিতে পড়ে যান। দুর্বৃত্তদের একজন তার মোটরসাইকেলটি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
পরে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত নাজমুল বলেন, তিনি প্রতিদিনই বাড়ি থেকে মোটরসাইকেলে করে বাজারে আসা-যাওয়া করেন। এ কারণে দুর্বৃত্তরা হয়তো আগে থেকে পরিকল্পনা করেই এ ঘটনা ঘটিয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাসনিম তামান্না স্বর্ণা বলেন, ছুরির আঘাতে বড় ক্ষতের সৃষ্টি হয় তার গলায়, বেশ রক্তক্ষরণ হয়েছে।
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এএস





