শনিবার (১৯ সেপ্টেম্বর) পাথরঘাটার সতীশ বাবু লেনের একটি ভবন থেকে ধারণ করা ভিডিও ফুটেজে ঘটনাটি ধরা পড়ে। এতে দেখা যায়, সড়কের ওপর একটি রিকশা থামিয়ে দুই ব্যক্তি যাত্রীকে ঘিরে ধরে। তাদের একজনের হাতে ছিল ধারালো ছুরি। ছুরি দেখিয়ে ভয় দেখানোর পাশাপাশি অপর ব্যক্তি যাত্রীর সঙ্গে থাকা টাকা ও মালামাল নেওয়ার চেষ্টা করে।

একপর্যায়ে রিকশাযাত্রী বাধা দিলে তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়। এতে তিনি রক্তাক্ত হয়ে নিস্তেজ হয়ে পড়েন। পরে দুই ব্যক্তি তার সঙ্গে থাকা নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয় বাসিন্দারা জানান, সতীশ বাবু লেনটি কোতোয়ালি থানার পেছনে হওয়ায় গুরুত্বপূর্ণ একটি সড়ক। ভোর থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত এ পথে কর্মজীবী মানুষের চলাচল বেশি থাকে। স্থানীয়দের অভিযোগ, এই সময়কে কাজে লাগিয়ে অটোরিকশায় করে আসা একটি ছিনতাইকারী চক্র কিছুদিন ধরে এলাকায় সক্রিয় রয়েছে।

তাদের দাবি, ভোরের দিকে এ এলাকায় একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটলেও ঝামেলা এড়াতে অনেক ভুক্তভোগী থানায় অভিযোগ করেন না। ফলে একই চক্র এসব ঘটনায় জড়িত কি না, তা নিশ্চিত হওয়া কঠিন হয়ে পড়ে।

ভিডিও ফুটেজে শনাক্ত হওয়া ছিনতাইকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের জিজ্ঞাসাবাদ করা হলে এলাকায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অন্যান্য ছিনতাইয়ের ঘটনাও বেরিয়ে আসতে পারে বলে মনে করছেন তারা।

কোতোয়ালি থানার ওসি জাহেদ নূর বলেন, ঘটনার একটি ভিডিও ফুটেজ পুলিশের হাতে এসেছে। ওই এলাকায় মোবাইল টিমের টহল আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি ভিডিওতে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

তিনি জানান, এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। তবে পুলিশ স্বপ্রণোদিত হয়ে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে।

চট্টগ্রাম নগর পুলিশের (দক্ষিণ) উপ-কমিশনার হাবিবুর রহমান প্রামাণিক বলেন, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দুই ছিনতাইকারীকে শনাক্ত করা হয়েছে। তাদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।

এস