লক্ষ্মীপুরের সাবেক দুই সংসদ সদস্য রামগঞ্জ এলাকার নিজাম উদ্দিন এবং রামগতি এলাকার এ বি এম আশরাফ উদ্দিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া রোববার তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মতিঝিল থানার করা একটি মামলায় তিন দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে তাদের আইনজীবী এ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবা জামিনের আবেদন করেন। এর আগে ১১ ফেব্রুয়ারি ঢাকা মহানগর হাকিম তসরুজ্জামান মতিঝিল এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা একটি মামলায় তিন দিনের রিমান্ড প্রদান করেন।
৫ ফেব্রুয়ারি পল্টন থানায় দায়ের করা মামলায় ঢাকা মহানগর হাকিম এমদাদুল হক তাদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ৪ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর মতিঝিলে বঙ্গবীর কাদের সিদ্দিকীর অবস্থান কর্মসূচি থেকে ফেরার পথে তাদের আটক করে পুলিশ।
জেএ





