দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেছেন, দুর্নীতি প্রতিরোধ করাই দুদকের টার্গেট। তাই দুর্নীতি দমনের চেয়ে প্রতিরোধের উপরই সর্বাধিক গুরুত্ব দেয়া হচ্ছে ।
মঙ্গলবার দুপুরে ‘দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের আইডি কার্ড বিতরণী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান এ কথা বলেন।
দুদক সচিব মো. মাকসুদুল হাসান খানের সভাপতিত্বে ও দুদকের উপ-পরিচালক আবদুল্লাহ আল জাহিদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি দুদকের কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু, দুদক কমিশনার মো. নাসিরউদ্দিন আহমেদ এছাড়া উপস্থিত ছিলেন দুদকের ডিজি ড. শামসুল আরিফিন, ডিজি কামরুল হাসান মোল্লা, ডিজি ব্রিগেডিয়ার সালাউদ্দিন আহমেদ, এবং জিআইজেড প্রতিনিধি আলী রেজাসহ দুদকের কর্মকর্তারা।
মো. বদিউজ্জামান বলেন, দুর্নীতি সারা বিশ্বেই ছড়িয়ে আছে। শুধু বাংলাদেশেই দুর্নীতি হচ্ছে না। দুর্নীতি একটা কঠিন রোগ যা নির্মুল করা সম্ভব নয়। সরা বিশ্বেই দুর্নীতি প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
দুদক চেয়ারম্যান বলেন, দুদকের এই কার্ড অপব্যবহারের সম্ভাবনা থাকে। পরবর্তী সময়ে ঢাকা মহানগর ও দেশের বিভিন্ন উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাধারণ সম্পদকের মাঝে এ কার্ড বিতরণ করা হবে।
কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু বলেন, দুর্নীতির উৎস চিহ্নিত করে প্রতিরোধ গড়ি তুলতে পারলেই, দেশ দুর্নীতির অভিশাপ থেকে রক্ষা পাবে।
তিনি বলেন, আইডি কার্ড প্রাপ্তরা হলেন দুদকের দূত। এ দায়িত্ব যেন আপনারা সূচারুরূপে করতে পারেন, আর সে জন্যই এ কার্ড প্রদান করা হয়েছে।
কমিশনার মো. নাসিরউদ্দিন আহমেদ বলেন, দুদক গত কয়েক বছর ধরে দুর্নীতি প্রতিরোধের উপর বেশি গুরুত্ব দিচ্ছে।
একে/ইআর





