গ্রেফতার ‘দৈনিক সংগ্রাম’ পত্রিকার সম্পাদক আবুল আসাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৮ ডিসেম্বর) তিন দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এসময় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

অন্যদিকে, তার আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লাহ তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে শনিবার (১৪ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধায় রাজধানীর মগবাজারে অবস্থিত দৈনিক সংগ্রাম পত্রিকায় মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা হামলা চালায়। জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে সংবাদ প্রকাশ করার প্রতিবাদে তারা সংগ্রাম অফিসে ভাংচুর চালায়। পরে হাতিরঝিল থানা পুলিশ মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা কাছ থেকে আবুল আসাদকে থানায় নিয়ে যান।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসি কার্যকর হওয়া জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করায় ৩৬ নম্বর ওয়ার্ড মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আফজাল বাদী হয়ে শুক্রবার এই মামলা করেন। মামলায় সংগ্রাম পত্রিকার সম্পাদকসহ ৭-৮ জনকে আসামি করা হয়।

এমবি