বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি খন্দকার মোশতাক আহমেদের ছেলে খন্দকার ইশতিয়াক আহমেদ বাবুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
জালিয়াতি করে পরিবারের সদস্যদের সম্পত্তি বিক্রিসহ নানা ধরনের প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন কুমিল্লার আদালত। খবর বাসস’র।
বুধবার (২৫ আগস্ট) বিকেলে জেলার ৩নং আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: গোলাম মাহবুব খান এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
আদালত বর্তমানে কানাডা প্রবাসী ইশতিয়াককে গ্রেফতার করতে দাউদকান্দি থানা-পুলিশকে নির্দেশ প্রদান করেন।
দাউদকান্দি থানার ওসি নজরুল ইসলাম বলেন, আমরা যতটুকু জানি মামলায় অভিযুক্ত আসামি খন্দকার ইশতিয়াক আহমেদ বাবু বিদেশে পালাতক আছেন। তার পরেও গ্রেফতারি পরোয়ানার কপি হাতে পেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পরামর্শক্রমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমবি





