বড় পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা বাতিল চেয়ে খালেদা জিয়ার করা আবেদনের রায়ের জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেছেন হাইকোর্ট।
খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী ও ব্যারিস্টার এহসানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৩০ আগস্ট খালেদার আবেদনের শুনানি শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষামাণ রাখেন হাইকোর্ট। ১১ কার্যদিবস রুলের ওপর শুনানি হয়। আদালতে খালেদা জিয়ার পক্ষে ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী ও দুদকের পক্ষে অ্যাডভোকেট খুরশিদ আলম খান শুনানি করেন।
সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা দায়ের করা হয়। শাহবাগ থানায় মামলাটি করেন দুর্নীতি দমন কমিশনের তৎকালীন সহকারী পরিচালক মো. সামছুল আলম। পরে এ মামলা দায়েরের বৈধতা চ্যালেঞ্জ হাইকোর্টে রিট করেন খালেদা জিয়া।
২০০৮ সালের ১৬ অক্টোবর বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি ফরিদ আহাম্মদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বড়পুকুরিয়া কয়লাখনি মামলার কার্যক্রম তিন মাস স্থগিত করেন। একই সঙ্গে মামলা দায়ের ও কার্যক্রম কেন অবৈধ ও বেআইনি হবে না, তা জানতে চেয়ে সরকারকে কারণ দর্শানোর নির্দেশ দিয়ে রুলও জারি করেন।
এআই





