দুই দুর্নীতি মামলার শুনানিতে সোমবারও (২১ ডিসেম্বর) আদালতে যাচ্ছেন না মামলা দু’টির প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। লন্ডন সফর শেষে দেশে ফেরার পর এ নিয়ে পর পর চারটি ধার্য তারিখে হাজিরা দিচ্ছেন না তিনি।

খালেদার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া রোববার (২০ ডিসেম্বর) জানান, দীর্ঘদিন বিদেশ সফর শেষে বিশ্রামে রয়েছেন খালেদা জিয়া। তিনি পুরোপুরি সুস্থও হননি। এ কারণে সোমবার আদালতে যাচ্ছেন না। আগামী ধার্য তারিখে হাজিরা দেবেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা দু’টির বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে।

দীর্ঘ প্রায় আড়াই মাস লন্ডন সফর শেষে দেশে ফিরলেও গত ২৬ নভেম্বর এবং ০৩ ও ১০ ডিসেম্বরও এ আদালতে হাজিরা দেননি খালেদা। তবে উচ্চ আদালতের নির্দেশ অনুসারে গত ০১ ডিসেম্বর নাইকো দুর্নীতি মামলায় নবম বিশেষ জজ আমিনুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন তিনি।

এমএইচ