রাজধানীর কেরাণীগঞ্জে ভেজাল খাদ্যদ্রব্যের বিরুদ্ধে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের একটি ভ্রাম্যমান আদালত। অভিযানে ভেজাল খাদ্য তৈরীর দ্বায়ে দুই কারখানা মালিককে জরিমানাসহ কারখানাদুটি সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত।
র্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম টাইমনিউজবিডিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের পরিচালনায় সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়।
তিনি বলেন, ওই কারখানা দুটির একটিতে ভেজাল সেমাই এবং অপরটিতে ভেজাল সিরকা, আচার ও জেলী তৈরি করছিল সাজাপ্রাপ্তরা।
তিনি আরো বলেন, ভেজাল লাচ্ছা সেমাই তৈরি করে বাজারজাত করার অভিযোগে কারখানা মালিক দীপক পন্ডিতকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ড এবং ভেজাল সিরকা, আচার ও জেলী তৈরি করার অভিযোগে কারখানা মালিক জালাল উদ্দিনকে দেড় লাখ টাকা অনাদায়ে তিন মাসের কারাদন্ড প্রদান এবং কারখানা দুটি সিলগালা করেন ভ্রাম্যমান আদালত।
এমআর





