ম্যানহোলে পড়ে মৃত শিশু জুনায়েদ সাব্বির ও সানজিদার পরিবারকে কেন ২০ লাখ টাকা করে প্রদানের নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার জনস্বার্থে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এখলাছ উদ্দিন ভূঁইয়া। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

এ ছাড়া ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের ম্যানহোল ও সুয়ারেজ লাইনের ঢাকনা ১৫ দিনের মধ্যে সঠিকভাবে প্রতিস্থাপনের নির্দেশও দিয়েছেন হাইকোর্ট। আদালত উভয় সিটি করপোরেশন ও ওয়াসা কর্তৃপক্ষকে আদালতের আদেশ প্রতিপালনসংক্রান্ত রিপোর্টসহ আগামী ১০ অক্টোবর ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন।

স্থানীয় সরকার সচিব, ঢাকা ওয়াসার চেয়ারম্যান, ডিসিসি দক্ষিণ ও উত্তরের মেয়রদ্বয়, পুলিশের মহাপরিদর্শক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালককে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে সুপ্রিম কোর্টের আইজীবী সৈয়দা শাহিন আরা লাইলী রিট আবেদন দায়ের করেন। পরে এখলাছ উদ্দিন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, আমরা আদালতে বলেছি, গত ২২ জুলাই মিরপুর কমার্স কলেজসংলগ্ন সুয়ারেজ লাইনে পড়ে শিশু জুনায়েদ সাব্বির এবং ১৫ জুলাই মহাখালীর বাস টার্মিনালের পেছনে সুয়ারেজ লাইনে পড়ে শিশু সানজিদার মৃত্যু হয়।

ঢাকা শহরের অধিকাংশ ম্যানহোল ও সুয়ারেজ লাইন অরক্ষিত থাকায় বহু পথচারী আহত হয় এবং বিপদে পড়ে। আদালত আমাদের বক্তব্যে শুনে এই আদেশ দেন।

এমএনজে