বিচারাধীন মামলার বিষয়ে বিচারপতিকে ফোন করে স্বাধীন বিচারকাজে হস্থক্ষেপ করায় সংশ্লিষ্ট মন্ত্রীকে অবিলম্বে মন্ত্রিপরিষদ থেকে বরখাস্ত করতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আয়োজনে শহীদ শফিউর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
হাইকোর্টের মামলা ( বরেন্দ্র ইন্টারন্যাশনাল বনাম যমুনা ব্যাংক) বিষয়ে সরকারের একজন মন্ত্রী হাইকোর্ট বিভাগের বিচারপতিকে টেলিফোন করে প্রভাব বিস্তার করেন বলে সংবাদ সম্মেলনে জানান তিনি।
তিনি বলেন, হাইকোর্ট বিভাগের বিচারপতিকে একটি মামলার বিষয়ে সরকারের একজন মন্ত্রীর টেলিফোনে প্রভাব বিস্তারের ঘটনা গণমাধ্যমের মাধ্যমে সমিতির দৃষ্টিগোচরে এসেছে।
হাইকোর্টের একটি বেঞ্চের বিচারপতিদের নাম উল্লেখ করে খোকন বলেন, ৩ ফেব্রুয়ারি যমুনা ব্যাংকের বিরুদ্ধে বেসরকারি প্রতিষ্ঠান বরেন্দ্র ইন্টারন্যাশনালের করা একটি অর্থঋণ মামলার শুনানির সময় একজন বিচারপতি উপস্থিত আইনজীবীদের বলেন, তাঁদের কাছে বর্তমান সরকারের একজন মন্ত্রী টেলিফোনে মামলার বিষয়ে একটি পক্ষের স্বার্থে অনুরোধ করায় তাঁরা ওই মামলার শুনানি গ্রহণে বিব্রত বোধ করছেন। ওই মামলার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য বিচারপতিরা মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠান।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, আইনজীবী সমিতি দীর্ঘদিন ধরে বিচার বিভাগের ওপর সরকারের নগ্ন হস্তক্ষেপ বন্ধ করার দাবি জানিয়ে আসছে। এ ঘটনা সমিতির দাবির যৌক্তিকতার প্রমাণ করে। সমিতি ওই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিচারপতিদের ও নিম্ন আদালতের বিচারকদের ওপর সরকারের প্রভাব বন্ধ করার দাবি জানাচ্ছে।
লিখিত বক্তব্যে আরো দাবি করা হয়, সমিতি ওই ঘটনার বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের মাধ্যমে ওই মন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার ও ফৌজদারি অভিযোগে মামলা করার জন্য প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানাচ্ছে।
তিনি বলেন, আওয়ামী জোটের ওই মন্ত্রীর বিরুদ্ধে কোনো ব্যাবস্থা সরকার না নিলে বিচার বিভাগ ধীরে ধীরে তার স্বকিয়তা হরেবে।
জোর দাবি করে ব্যারিস্টার মাহবুব আরো বলেন, বিচার বিভাগ রক্ষার জন্য ওই মন্ত্রীকে অভিলম্বে বিচারের আওতায় আনাতে হবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট এবিএম ওয়ালিউর রহমান খান, অ্যাডভোকেট মো. শাহজাদা, সহসম্পাদক অ্যাডভোকেট রফিকুল হক তালুকদার, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।
ঢাকা, ৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জিই / কেবি
অপরাধ
বিচারকাজে হস্তক্ষেপ করায় মন্ত্রীকে বরখাস্তের দাবি আইনজীবী সমিতির
বিচারাধীন মামলার বিষয়ে বিচারপতিকে ফোন করে স্বাধীন বিচারকাজে হস্থক্ষেপ করায় সংশ্লিষ্ট মন্ত্রীকে অবিলম্বে মন্ত্রিপরিষদ থেকে বরখাস্ত করতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি





