দশ ট্রাক অস্ত্র মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের দাবি আসামীদের সর্বোচ্চ শাস্তি দেবেন আদালত।
সম্পূরক অভিযোগপত্র দাখিলের পর থেকে রাষ্ট্রপক্ষে দশ ট্রাক অস্ত্র মামলা পরিচালনা করে আসছেন চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট কামালউদ্দিন আহমেদ।
তিনি দাবি করে বলেন, আমি সব আসামীর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন। আশা করি আসামীদের সর্বোচ্চ সাজা দেবেন আদালত।
মহানগর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট কামালউদ্দিন টাইমনিউজবিডিকে বলেন, মামলায় দু’ধরনের আসামী আছে। কিছু রাঘববোয়াল আছে আর কিছু শ্রমিক-কর্মচারী, ট্রাক চালক, হেল্পার আছে।
তিনি বলেন, রাঘববোয়ালরা রিমোট কন্ট্রোল সিস্টেমে সিণ্ডিকেট করে অস্ত্র এনেছে। তাদের কর্মকাণ্ডে এই জিনিসটা প্রতীয়মান হয় যে, তারা বিষয়টি আগে থেকে জানতেন। আর শ্রমিক-চালকরাও অপরাধ করেছেন কারণ তারা অস্ত্র বহন করেছেন। তবে দু’অপরাধের ধরণ ভিন্ন। এখন আদালত কি পর্যবেক্ষণ দেন সেটা রায়ে দেখা যাবে।
পিপি কামাল বলেন, আমি মনে করি, ঘটনার সঙ্গে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তাদের বিরুদ্ধে সব অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করা গেছে।
তিনি বলেন, আমি আশা করব দোষীদের সর্বোচ্চ শাস্তি দিয়ে আদালত ন্যায় বিচারের মাইল ফলক সৃষ্টি করবেন।
[b]ঢাকা, জানুয়ারি ৩০ (টাইমনিউজবিডি.কম) // জিই[/b]