দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেনের হাইকোর্টের দেয়া জামিন বাতিল করেছে আপিল বিভাগ।
রোববার প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বিভাগ আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত তার জামিন স্থগিত করেন।
দুদক আইনজীবী খুরশিদ আলম খান সাংবাদিকদের জানান, এর ফলে খন্দকার মোশাররফ হোসেন কারাগার হতে মুক্তি পাচ্ছেন না।
গত ৯ জুলাই হাইকোর্টের এক দ্বৈত বেঞ্চ অর্থ পাচারের ওই মামলায় শর্ত সাপেক্ষে মোশাররফ হোসেনের জামিন মঞ্জুর করেছিলেন। এতে স্থগিতাদেশ চেয়ে পরদিন দুর্নীতি দমন কমিশন (দুদক) আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে। চেম্বার বিচারপতি বিষয়টি নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। ১৩ জুলাই বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে উপস্থাপন করলে আদালত ২০ জুলাই শুনানির দিন ধার্য করেন।
আজ আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, দুদকের পক্ষে আইনজীবী খুরশিদ আলম খান ও মোশাররফ হোসেনের পক্ষে খন্দকার মাহবুব হোসেন মামলা পরিচালনা করেন।
উল্লেখ্য, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী থাকাকালে খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে নয় কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা পাচারের অভিযোগে ৬ ফেব্রুয়ারি রমনা থানায় মামলাটি করে দুদক।
ঢাকা, কেএ, ২০ জুলাই (টাইমনিউজবিডি.কম) জেএ





