পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোর সদর উপজেলার ওই দম্পতি জীবিকার তাগিদে ট্রেনে পপকর্ন বিক্রি করেন। মঙ্গলবার বিকেলে তারা বাড়ি থেকে বের হয়ে ‘ঢাকা মেইল’ ট্রেনে পপকর্ন বিক্রি শেষে রাতে সরদহ স্টেশনে নামেন। স্টেশনের পাশের একটি দোকানে চা খাওয়ার সময় এক ব্যক্তি লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারী প্রথমে স্বামীকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে এবং একটি পরিত্যক্ত দোকানের পাশে বেঁধে রাখে। এরপর ভুক্তভোগী নারীকে জোরপূর্বক পাশের জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
উদ্ধার ও অভিযুক্তের পরিচয়: ভুক্তভোগীর স্বামী জানান, প্রায় ৩০ মিনিট ধরে সাহায্যের জন্য চিৎকার করার পর স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয়দের সহায়তায় জঙ্গল থেকে তার স্ত্রীকে উদ্ধার করা হয়। অভিযুক্ত ব্যক্তির নাম আশরাফুল (৩০) বলে জানা গেছে, যিনি চারঘাট উপজেলার হলিদাগাছী জাগিরপাড়া গ্রামের বাসিন্দা।
কর্তৃপক্ষের বক্তব্য: সরদহ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইকবাল কবির জানান, দায়িত্বরত কর্মীদের মাধ্যমে তিনি বিষয়টি শুনেছেন।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে চারঘাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আশরাফুল বর্তমানে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে এবং ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া চলছে।
এমএম