বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাস ও ছাত্রদলের সভাপতি রাজীব আহসানকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশে।

আজ (শুক্রবার) পুলিশের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের দিন বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বকশীবাজার বিশেষ জজ আদালত প্রাঙ্গণ থেকে শিমুল বিশ্বাসকে এবং নয়াপল্টন থেকে রাজীব আহসানকে গ্রেফতার করে পুলিশে।

আজ বিকেলে পৃথক আবেদনে পুলিশ ১০দিন করে রিমান্ড চেয়ে তাঁদের আদালতে পাঠান।শুনানির পর ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার শিমুল বিশ্বাসকে ৫ দিনের এবং আরেক মহানগর হাকিম মাজহারুল ইসলাম রাজীব আহসানকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

শিমুল বিশ্বাসকে শাহবাগ থানার এবং রাজীব আহসানকে মতিঝিল থানায় পুলিশের করা নাশকতা মামলার আসামি করা হয়েছে।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ৬ জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় একটি মামলা করে দুদক। ২০১০ সালের ৫ আগস্ট তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশীদ। ২০১৪ সালের ১৯ মার্চ তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।

এই মামলায় শুনানির পর বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকারবকশিবাজারের আলীয়া মাদ্রাসায় স্থাপিত ৫নং বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছর এবং তারেক রহমান’সহ বাকি ৫ আসামিদের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে খালেদা জিয়া ছাড়া বাকি আসামিদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা জরিমানা করা হয়েছে।

বাকি পাঁচ আসামি হলেন- বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান, মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সলিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ।

এমবি