আদালতে তোলা হয়েছে রিফাত আব্দুল্লাহ খানকে।রিফাত জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর আমীর ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খানের ছেলে।
রোববার দুপুর ২.৩০ টায় মেট্রোপলিটন মেজিস্ট্রেট স্নিগ্ধা রানী চক্রবর্তীর আদালতে তাকে হাজির করা হয়।
তার বিরুদ্ধে আইসিটি এক্ট-২০১৩ তে মামলা দায়ের করা হয়েছে।মামলায় তাকে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।এখনো মামলার আদেশ দেয়া হয়নি।
গত শুক্রবার রাজধানীর উত্তরা হাইস্কুল থেকে পরীক্ষা শেষে বের হওয়ার পর সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল তাকে তুলে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে রিফাতের পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট থানা পুলিশ, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, র্যা বের হেডকোয়ার্টার্সে যোগাযোগ করলেও তাকে আটকের কথা কেউ স্বীকার করেনি।
তবে শনিবার রাতে ঢাকা মহানগর পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রিফাতকে আটকের কথা স্বীকার করে বলেন, রিফাত বর্তমানে মিন্টো রোডের গোয়েন্দা হেফাজতে রয়েছে।
তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলার প্রক্রিয়া চলছে। ফেসবুকে রাষ্ট্রবিরোধী নানা বিষয় তুলে ধরার কারণে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।
পরিবারের সদস্যরা জানান, রিফাত আবদুল্লাহ খান উত্তরার হলি চাইল্ড স্কুলের বাণিজ্য বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। গত শুক্রবার সে উত্তরা হাইস্কুরের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার হল থেকে বের হয়ে আসার পর সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল তাকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও র্যাব সদর দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা কেউ শুক্রবার রিফাতকে আটকের কথা স্বীকার করেননি।
এদিকে রিফাতকে ফিরে পেতে সরকার, জাতীয় ও আন্তর্জাতিক সকল মানবাধিকার প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছেন তার মা মাহফুজা ইয়াসমিন। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে মাহফুজা ইয়াসমীন এ কথা জানান।
ইআর





